মুফতি আমির হামজাকে ঘুস প্রস্তাবকারীদের নাম প্রকাশের নোটিশ

মুফতি আমির হামজাকে ঘুস প্রস্তাবকারীদের নাম প্রকাশের নোটিশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ৫০ কোটি টাকা ঘুসের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম প্রকাশের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) মো. হৃদয় হাসান নামে এক ব্যক্তি আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে এই নোটিশটি পাঠান।

নোটিশে সাত দিনের মধ্যে দুর্নীতিবাজদের নাম প্রকাশ করে অথবা তাদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, মুফতি আমির হামজা সম্প্রতি বিভিন্ন জনসভায় দাবি করেন যে, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখার জন্য তাকে ৫০ কোটি টাকা ঘুসের প্রস্তাব দেওয়া হয়েছিল।

তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং ঘোষণা দেন যে, তাকে পুরো কুষ্টিয়া লিখে দিলেও তার অবস্থান থেকে সরানো যাবে না। তার এই বক্তব্য গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়।

নোটিশে আরও বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যখন সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে, তখন ঘুসদাতাদের পরিচয় গোপন করা সমীচীন নয়। রাষ্ট্রীয় ও শরিয়াহ আইন অনুযায়ী ঘুষদাতা ও গ্রহীতা উভয়েই সমান অপরাধী।

নোটিশে বলা হয়, মুফতি আমির হামজা কেবল নিজেকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করতেই ঘুস গ্রহণ না করার বিষয়টি প্রচার করেছেন। প্রেরিত নোটিশে তাকে আগামী ৭ দিনের মধ্যে ঘুস প্রস্তাবকারীদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

তবে এ বিষয়ে মুফতি আমির হামজার সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *