মধ্যপ্রাচ্যের দুটি প্রধান অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্রে হামলার পর আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লন্ডনের মেটাল এক্সচেঞ্জে (এলএমই) অ্যালুমিনিয়ামের দর প্রায় ৬ শতাংশ বেড়ে গেছে।
গত শনিবার পারস্য উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম দুটি উৎপাদক প্রতিষ্ঠান, এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম (ইজিএ) এবং অ্যালুমিনিয়াম বাহরাইন (আলবা), ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়। এই হামলায় দুটি কারখানাই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। আলবা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের স্থাপনায় হামলায় দুজন কর্মী আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।
বিশ্বের মোট অ্যালুমিনিয়াম সরবরাহের প্রায় ৯ শতাংশ এই অঞ্চল থেকে আসে, ফলে এ ঘটনাকে শিল্পখাতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম এখন ৩ হাজার ৪৯২ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।
চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে পাঠাতে জটিলতা তৈরি হচ্ছে। এর ফলে বৈশ্বিক বাজারে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

