বরিশালে ১১ শিশুর হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৭৭ জন

বরিশালে ১১ শিশুর হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৭৭ জন

বরিশাল বিভাগে নতুন করে ১১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে, যার ফলে বিভাগের ছয় জেলায় হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। একই সময়ে আরও তিনটি শিশু রুবেলায় আক্রান্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বরগুনায় ২৫ জন, বরিশালে ২৪ জন, ভোলায় ৪ জন, ঝালকাঠিতে ৫ জন এবং পটুয়াখালী ও পিরোজপুরে ২ জন করে শিশু হামে আক্রান্ত হয়েছে। এছাড়া বরগুনা, ভোলা ও বরিশালে ১ জন করে মোট ৩টি শিশুর শরীরে রুবেলা ভাইরাস শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে বিভাগের ছয় জেলায় নতুন করে ৭৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ শিশু ভর্তি হয়েছে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫৩ শিশু। মার্চ মাসে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৩৪ জন ভর্তি হয়েছিল।

বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে আটটি শিশুর মৃত্যু হয়েছে। বরগুনায় তিনটি, বরিশালে একটি এবং ভোলা ও পিরোজপুরে দুটি করে শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ যা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে দ্রুত ছড়ায়। আক্রান্ত রোগীর সংস্পর্শে বা একই ঘরে থাকলেও সংক্রমণের ঝুঁকি থাকে। তিনি আতঙ্কিত না হয়ে শিশুদের সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *