ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ২৬টি শিশু ভর্তি হয়েছে। বর্তমানে এখানে ৭৯টি শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এই নতুন ভর্তির ঘটনা ঘটেছে। ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ১৭২টি শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৪টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ৫টি শিশুর মৃত্যু হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে শিশুদের ভর্তি শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১২৯টি শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে ৪৯টি ক্ষেত্রে হাম শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, হামের লক্ষণ নিয়ে ভর্তি শিশুদের চিকিৎসার জন্য ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে। বর্তমানে ৬৪ শয্যার বিপরীতে ৭৯টি শিশু ভর্তি রয়েছে।
হামের এই প্রাদুর্ভাবের কারণে রাজশাহী ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। পাবনায় হামের টিকা নিতে কেন্দ্রে ভিড় জমেছে।

