শুক্রবার, ৩ এপ্রিল, থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমস হকির বাছাই পর্বে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ।
চায়নিজ তাইপেকে হারিয়ে বাছাই পর্ব শুরু করলেও, একদিন পরই শ্রীলঙ্কার বিপক্ষে হারের মুখোমুখি হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এই পরাজয়ের মাধ্যমে ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হকিতে হারলো বাংলাদেশ। এর আগে ২০০৬ সালের কলম্বো এসএ গেমসে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ, তবে ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম সমতা ফেরান। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ স্কোরে। দ্বিতীয় কোয়ার্টারে শ্রীলঙ্কা কুশল উইরাপ্পুলির গোলে ১৬ মিনিটে এগিয়ে যায়।
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও গোল করতে ব্যর্থ হয়। চতুর্থ ও শেষ কোয়ার্টারে শ্রীলঙ্কা আরও একটি গোল করে। বাংলাদেশের পক্ষে আমিরুল ইসলাম একটি গোল শোধ করেন।
৬ এপ্রিল প্রিলিমিনারি রাউন্ডে উজবেকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাই পর্বে নয় দলের মধ্যে শীর্ষ ছয় দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতা শেষ হবে ১০ এপ্রিল। এ বছরের সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর।

