মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) গতকাল মঙ্গলবার গুগল, মেটা, অ্যাপলসহ ১৮টির বেশি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়েছে। এই হামলা ১ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হতে পারে বলে জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে যে, এই প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চ প্রযুক্তি ব্যবহার করে ইরানের নেতাদের অবস্থান শনাক্ত ও গুপ্তহত্যায় সহযোগিতা করছে।
এই হুমকিকে ইরানের সামরিক কৌশলের বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। আগে যেখানে শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হতো, এখন সেখানে সিলিকন ভ্যালির প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে যে, যেহেতু লক্ষ্যবস্তু নির্ধারণ ও শনাক্তের মূল উপাদানগুলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তৈরি, তাই এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
এএফপির তথ্যমতে, ইরানের এ তালিকায় মেটা, গুগল, অ্যাপল, মাইক্রোসফট, ইন্টেল, ওরাকল, এনভিডিয়া, প্যালানটিয়ার, বোয়িং ও টেসলা অন্তর্ভুক্ত রয়েছে। ইতোমধ্যে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজন এডব্লিউএসের ক্লাউড অবকাঠামো ড্রোন হামলার কারণে বিঘ্নিত হয়েছে, যা এই হুমকির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।

