ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে আরও তিন প্রার্থীর করা পৃথক নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন বিচারপতি মোহাম্মদ আলীর একক অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ। আজ বুধবার এই আদেশ দেওয়া হয়।
আবেদনকারী তিন প্রার্থী হলেন বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন, দিনাজপুর–৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাইনুল আলম এবং ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল হাকিম।
বাগেরহাট-২ আসনে শেখ মোহাম্মদ জাকির হোসেনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনিজরুজ্জামান আসাদ, গাজী কামরুল ইসলাম ও সাকিব মাহবুব আদালতে উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী এম কে শাহনেওয়াজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।
বাগেরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মনজুরুল হক ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পান ৬৬ হাজার ৪০৯ ভোট। এই আসনে ভোটে অনিয়ম ও অসামঞ্জস্যতার অভিযোগে আবেদনে নির্বাচনের ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচন চাওয়া হয়েছে।
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী মো. আবদুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল হাকিম পান ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। দিনাজপুর–৩ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ১ লাখ ৩৯ হাজার ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং জামায়াতে ইসলামীর মো. মাইনুল আলম পান ১ লাখ ৩৪ হাজার ৬১৮ ভোট।
নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপত্তি থাকলে তিনি হাইকোর্টে আবেদন করতে পারেন। প্রধান বিচারপতি ১৭ ফেব্রুয়ারি থেকে হাইকোর্টে একক বেঞ্চ নির্ধারণ করেন, যা ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ৩৬টি আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে।

