অনলাইন ক্লাস পরিকল্পনা নিয়ে জামায়াতের তীব্র সমালোচনা

অনলাইন ক্লাস পরিকল্পনা নিয়ে জামায়াতের তীব্র সমালোচনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকারের অনলাইন ক্লাস চালুর পরিকল্পনাকে “অপরিণামদর্শী” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত অনভিপ্রেত।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ওপর অনলাইন ক্লাস চাপিয়ে দিচ্ছে, যা জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, অনলাইননির্ভর শিক্ষাব্যবস্থার ফলে শিক্ষার্থীরা বহুমুখী ক্ষতির সম্মুখীন হচ্ছে।

তিনি আরও বলেন, ইন্টারনেটের উচ্চমূল্যের কারণে অনেক গরিব শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অনলাইন ক্লাসের নামে স্মার্টফোন ব্যবহারের সুযোগে শিক্ষার্থীরা ডিভাইসে আসক্তি ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকিতে পড়ছে।

গোলাম পরওয়ার উল্লেখ করেন, কোভিড-১৯ সময়ে অনলাইন শিক্ষার প্রভাব সম্পর্কে ‘ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ২০২২’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে দেখা গেছে, প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা ও গণিতে শ্রেণি-উপযোগী যোগ্যতা অর্জন করতে পারেনি।

তিনি আরও বলেন, ২০২৩ সালে নতুন শিক্ষাক্রম যথাযথ পরিকল্পনা ছাড়াই বাস্তবায়নের প্রচেষ্টা এবং শিক্ষা সংস্কারে পদক্ষেপ না নেওয়ার কারণে শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে। এই অবস্থায় অনলাইন ক্লাসে ফিরে যাওয়া শিক্ষার্থীদের জন্য সুফল বয়ে আনবে না।

গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানান, শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং অনলাইন ক্লাসের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়মিত ও সশরীরে পাঠদান নিশ্চিত করতে হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *