অস্ট্রেলিয়া সরকার ভিসা বাতিল করায় বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশে ফিরে আসতে বাধ্য করা হয়েছে।
অ্যাডলফ হিটলারের প্রশংসা করে পুরোনো একটি বক্তব্যের জন্য তাঁর ভিসা বাতিল করা হয়েছে বলে জানা গেছে। অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের পেছনে একটি মহল প্রভাব খাটিয়েছে বলে দাবি করেছেন আজহারী।
কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন মিজানুর রহমান আজহারী। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় এসব অনুষ্ঠানে তাঁর বক্তব্য রাখার কথা ছিল।
গত মঙ্গলবার অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ আজহারীর ভিসা বাতিলের সিদ্ধান্ত জানায়। তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
যুক্তরাজ্যের সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া একটি বক্তৃতাই আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের কারণ। ওই বক্তৃতায় তিনি অ্যান্টি সেমেটিক কথা বলেছিলেন এবং হিটলারের প্রশংসা করেছিলেন।
অস্ট্রেলিয়ার সিনেটর জনাথন ডুনিয়াম জানান, কমিউনিটি গ্রুপগুলো আজহারীর অস্ট্রেলিয়ায় অবস্থানের বিষয়ে সতর্ক করেছিল। বর্তমানে আজহারীকে নজরদারিতে রাখা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাঁকে বিমানে তুলে দেওয়া হবে।
মিজানুর রহমান আজহারী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ভিসা বাতিলের বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন, তাঁর ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য।

