আগামী রোববার থেকে বাংলাদেশে হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। দেশের যেসব উপজেলায় হামের সংক্রমণ বেশি, সেখান থেকে এই কার্যক্রম শুরু হবে।
আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে পাঠানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রোববার থেকে ইমার্জেন্সি ভ্যাকসিনেশনের কাজ শুরু হবে। ফিল্ড লেভেল স্টাফদের ছুটি প্রত্যাহার করা হয়েছে এবং তারা স্থানীয় কর্মকর্তাদের তত্ত্বাবধানে কাজ করবে।’
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও জানান, ২০১৮ সালের পর থেকে হামের টিকাদানের কোনো ক্যাম্পেইন হয়নি। গ্যাভির কাছ থেকে ২১.৯ মিলিয়ন টিকা সংগ্রহ করা হচ্ছে এবং টিকা কেনার জন্য ৬০১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞ জিয়াউদ্দীন হায়দার জানান, হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এটি একটি প্রাদুর্ভাবের দিকে যাচ্ছে, যা জনস্বাস্থ্য খাতে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। পূর্ববর্তী সরকারের নীতি-ঘাটতি ও দুর্বল বাস্তবায়ন এই সংকটের জন্য দায়ী।

