কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর বুধবার দুপুরে তার কার্যালয়ে ভিডিও করার অভিযোগে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে। সন্ধ্যায় এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন দৈনিক র দেবিদ্বার প্রতিনিধি রাসেল সরকার এবং ‘ফেস দ্য পিপল’ ও স্থানীয় দৈনিক আমার শহরের প্রতিনিধি আব্দুল আলিম।
সাংবাদিক আব্দুল আলিম জানান, তার এক আত্মীয়ের নামজারি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। বুধবার শুনানির দিন ধার্য থাকায় তিনি সহকর্মী রাসেল সরকারকে নিয়ে এসিল্যান্ডের কার্যালয়ে যান। সেখানে এসিল্যান্ডের উত্তেজিত আচরণ ভিডিও করার চেষ্টা করলে তাদেরকে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো হয়।
আব্দুল আলিম আরও অভিযোগ করেন, থানায় নেওয়ার পর তাদের মোবাইল থেকে সব তথ্য মুছে ফেলা হয় এবং বিষয়টি নিয়ে আর না বাড়াতে মুচলেকা লিখে নেওয়া হয়।
অভিযুক্ত এসিল্যান্ড ফয়সাল আল নূর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি যখন ওয়াশরুমে যাচ্ছিলাম তখন দেখি তিনি রুমে ঢুকে ভিডিও করছেন। বারণ করার পরও ভিডিও করায় মোবাইল ফোন নিতে চাইলে তর্কের সৃষ্টি হয়।’
চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ পালন করতেই পুলিশ তাদের থানায় নিয়ে গিয়েছিল। কুমিল্লার সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী বিভাগীয় তদন্ত ও বিচার দাবি করেছেন। কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানিয়েছেন, বিষয়টি তার নজরে এসেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

