দেশে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ এপ্রিল পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভ ২৯ দশমিক ৬১ বিলিয়ন ডলার। মার্চ মাসে প্রবাসী আয়ের প্রবাহ দেশের ইতিহাসে অন্যতম উচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।
গত মার্চে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন তিন দশমিক ৭৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি। আগের বছর মার্চ মাসে এই অঙ্ক ছিল তিন দশমিক ৩০ বিলিয়ন ডলার।
চলতি অর্থবছরেও প্রবাসী আয়ের ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২৬ দশমিক ২১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রবাসী আয়ের বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে। বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা, হুন্ডি নিয়ন্ত্রণ এবং প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই শক্তিশালী ধারা অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা, আমদানি ব্যয় মেটানো এবং রিজার্ভ স্থিতিশীল রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

